চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল

চুয়েটে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ৪:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বর্জন, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পাশাপাশি চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন তারা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। চোখে কালো কাপড় বেঁধে মিছিলের মাধ্যমে প্রশাসনের নীরবতার প্রতীকী প্রতিবাদ জানান তারা।
 
 
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাবেক উপাচার্যকে পুনর্বহাল এবং নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নিয়োগ বাতিলের দাবিতে তারা টানা নবম দিনের মতো আন্দোলন করছেন। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি।
 
 
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।
 
 
চুয়েটে উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে গত ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্যের পদ থেকে সরিয়ে তার স্থলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট