চট্টগ্রাম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চট্টগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
 
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
 
 
দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
 
 
জানা যায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়।
 
 
ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দেন। পরে সুজন তার মাকে বেডরুমের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল।
 
 
সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০১৭ সালের ২৩ জুলাই আদালতে সুমিতের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। 
 
 
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে মাকে কুপিয়ে গলা কেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট