গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলে নিয়ে ‘এফভি রিফাত’ নামের বোটটি টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে রওয়ানা হয়। মাছ ধরা শেষে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কূলে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি অনির্দিষ্টভাবে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে উদ্ধার পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সাহায্য চান। খবর পাওয়ার পরপরই গভীর সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলটি সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থানরত বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের দ্রুত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে বোট ও জেলেদের তাদের নিজ নিজ মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সমুদ্রে যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় কোস্ট গার্ডের এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর

















