কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অপতথ্য ও গুজব রোধে সচেতনতা বাড়ানোর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য পাওয়ার পর তা যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিক্রিয়া বা মন্তব্য জানাতে এক সেকেন্ড সময় লাগে। কিন্তু পেছনের বাস্তব চিত্র কী, তথ্যটি সঠিক কি না এবং সেই প্রতিক্রিয়ায় কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না- তা আমাদের গভীরভাবে ভাবতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা পরিবার মারাত্মক সামাজিক ক্ষতির মুখে পড়তে পারে।” নেতিবাচক তথ্য দ্রুত ছড়ায় উল্লেখ করে তিনি আবেগ ও অন্ধ অনুকরণ পরিহার করে যুক্তি ও বিবেকবোধ কাজে লাগানোর পরামর্শ দেন।
সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও দক্ষতার ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল যুগে কোনো কিছু আড়াল করে রাখার সুযোগ কমছে। তাই পরিবেশের মতো নিজের কাজকর্মও পরিষ্কার ও স্বচ্ছ রাখতে হবে। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গোপনীয় তথ্য সুরক্ষিত রেখে সাধারণ জনগণের স্বার্থসংশ্লিষ্ট তথ্যে নাগরিকেদের প্রবেশাধিকার নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক দিক তুলে ধরে ডিসি জানান, চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি বাড়াতে এআই নির্ভর ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রযুক্তির ব্যবহার বাড়লেও মানুষের মানবিক মূল্যবোধ, বিচারবোধ ও বিবেকের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ

















