চট্টগ্রাম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

হাটহাজারী সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের (ডেলিভারি) সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
 
এদিন রাত আটটায় গ্রেপ্তারের বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
 
তবে ওই ছাত্রলীগ নেতাকে আটকের পর দিনভর পরিবারের পক্ষ থেকে তাকে ‘ডিবি পরিচয়ে তুলে নেওয়ার’ অভিযোগ তোলা হলেও গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে কেউ বিষয়টি স্বীকার করেনি। পরবর্তীতে রাতে হাটহাজারী থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে।
 
পরিবার সূত্রে জানা যায়, মো. হাসানের স্ত্রীকে সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাসান স্ত্রীর জন্য ওষুধ কিনতে গেলে সাদা পোশাকে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ডিবি পরিচয়ে তাকে নিয়ে যায়। পরিবারের দাবি, হাসপাতাল প্রাঙ্গণে ২৫ থেকে ৩০ জনের একটি দল উপস্থিত ছিল এবং তারা হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।
 
ঘটনার সময় পার্কভিউ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে দিনভর পুলিশের সংশ্লিষ্ট ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও ঘটনার বিষয়ে গণমাধ্যমকে কেউ স্বীকার করেননি বা নিশ্চিত তথ্য দেননি।
 
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট