অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সপ্তম দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। এতে করে সপ্তম দিনের মত অচল হয়ে আছে চুয়েট।
সোমবারও (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে তারা গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেন।
অন্যদিকে চুয়েট শিক্ষক সমিতিও দ্বিতীয় দিনের মত ‘সর্বাত্মক কর্মবিরতি’ পালন করে। শিক্ষকরা সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, সায়েম স্যার দক্ষ ও চুয়েটবান্ধব উপাচার্য ছিলেন। তাকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি আদায় না হলে, আমরা ক্লাসে ফিরব না। আমরা ক্যাম্পাসও ত্যাগ করব না।
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে ফিরাতে কমপ্লিট শাটডাউনের আজ সপ্তম দিন। বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাচ্ছি। আমরা চাই সরকার দ্রুত বিষয়টি নিষ্পত্তি করুক।
আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। আমরা একাডেমিক কার্যক্রম থেকে পিছিয়ে যাচ্ছি। আমরা দ্রুত একাডেমিক কাজে ফিরতে চাই। তাই সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল করা হোক।
আজ সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে।
পূর্বকোণ/প্রান্ত

















