সিজেন-এর (CJEN) কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে । সোমবার (১৪ সেপ্টেম্বর ) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে “সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং ২০২৬ (চট্টগ্রাম)” অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্লাস্টারের জন্য আয়োজিত সাংবাদিকতা শিক্ষক ও শিক্ষার্থীদের এই আঞ্চলিক সম্মেলনটি ডিডব্লিউ একাডেমি (DW Akademie) এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (CJEN)-এর সহযোগিতায় এবং জার্মান কোঅপারেশন-এর অর্থায়নে চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এই সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই একাডেমিক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর প্রো ভাইস-চ্যানসেলর এবং সিজেন-এর চেয়ারপার্সন অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো।
লেকচারার তাসনুভা তাহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. এস.এম. শোয়েভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম এবং ডিডব্লিউ একাডেমির প্রতিনিধি জিমি আমির (প্রজেক্ট কোঅর্ডিনেটর) ও আসমা হাশেমী (প্রজেক্ট অ্যাসোসিয়েট, এশিয়া ও ইউরোপ)। এই আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার সরওয়ার কামাল।
উদ্বোধনী পর্বের পর অংশগ্রহণমূলক একাডেমিক সেশনগুলো শুরু হয়। অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো মূল ‘রিসার্চ মেন্টরিং সেশন’ পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের গবেষণাবিষয়ক মূল্যবান নির্দেশনা প্রদান করেন। এই সেশনটি সঞ্চালনা করেন ইয়াসির সিলমী।
বিকেলে অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একটি মানসম্মত এবং সুগঠিত একাডেমিক গবেষণা প্রস্তাবনা তৈরির জন্য প্রয়োজনীয় কৌশলগত দক্ষতা প্রদানের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
দিনের কার্যক্রমে একটি বিশেষ সিজেন ক্যাম্পেইন অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো এবং ডিডব্লিউ একাডেমির জিমি আমির ও আসমা হাশেমী। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকতা শিক্ষকদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক বৃদ্ধি, রিসোর্স শেয়ারিং এবং সহযোগিতামূলক উদ্যোগকে উৎসাহিত করা।
অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে আঞ্চলিক ক্লাস্টার মিটিংটির আনুষ্ঠানিক সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে জ্যাকস (JACS) কালচারাল ক্লাবের সদস্যদের আয়োজনে ও পরিবেশনায় একটি মনোজ্ঞ সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই জ্ঞানগর্ভ আয়োজনের সমাপ্তি ঘটে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ

















