চট্টগ্রামে ‘ভাই ভাই ফুচকা হাউস’ কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) কোতোয়ালীর গোয়ালপাড়া এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা উক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে পোড়া তেল ব্যবহার করে ফুচকা উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জনস্বার্থে প্রতিষ্ঠানটিতে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সিএমপির একটি চৌকস টিম উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















