চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডের কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ ঘটনায় স্টুয়ার্ড মো. মাহাবুর রহমান (২০)-কে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেয় তাদের একটি দল। তথ্য ছিল, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের এক স্টুয়ার্ড মাদকের চালান বহন করছেন।
বিকেল ৪টা ২ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ‘জ’ কোচ থেকে নামার সময় র্যাব সদস্যদের দেখে মাহাবুর রহমান পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তার কাঁধে থাকা কালো ব্যাগে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাহাবুর রহমান জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ















