পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় নগরের মেহেদীবাগ এলাকার বেসরকারি এরিস্টোকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ না করেই নগরের মেহেদীবাগ রোডে হাসপাতালটি চিকিৎসাসেবা চালু করে। অবস্থানগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটি পরিবেশ আইন লঙ্ঘন করেছে। শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তরল বর্জ্য পরিশোধন ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, অধিদপ্তরের একটি পরিদর্শন দল গত ২৯ জুলাই হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। তদন্তে প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের কোনো অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করেনি। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয় এবং শুনানি শেষে আইন অনুযায়ী ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ
















