বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট থেকে স্থগিত থাকা লিখিত পরীক্ষা শুরু হবে।
একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও জারি করেছে শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৪ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে পারবে।
সংশোধিত রুটিন অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং একইদিন বিকালে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকালে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
এছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকালের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে।
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামী ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
গত ২ জুলাই শুরু হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বন্যার পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার এইচএসসি পরীক্ষা গত ৮ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।
পূর্বকোণ/এএইচ















