চট্টগ্রাম সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বোয়ালখালীর সাবেক সাব-পোস্টমাস্টারের ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২৬ | ৫:৫৩ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলার দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত থাকাকালে গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদী আমানতের ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের মামলায় সাবেক সাব-পোস্টমাস্টার এহসানুল হককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

 

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি বাংলানিউজকে জানান, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি এহসানুল হককে ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা  জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার নথি অনুযায়ী, এহসানুল হক বোয়ালখালীর শাকপুরা ও চরদ্বীপ সাব-পোস্ট অফিসে সাব-পোস্টমাস্টার হিসেবে কর্মরত থাকাকালে গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদী আমানতের টাকা গ্রহণ করে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন।

 

এর মধ্যে শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেন। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার শুরু হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট