চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন গ্রেফতার হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ধন্যবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগ। একই সঙ্গে ডেভিড ইমনসহ হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রবিবার (২ আগস্ট) সম্প্রতি সিএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজীব শাহরিয়ার রুবেন্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিএমপি কমিশনার হাসনাত মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও সমন্বিত পদক্ষেপের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে রাজীব শাহরিয়ার রুবেন্স বলেন, ডেভিড ইমনের গ্রেফতার অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে গ্রেফতারই চূড়ান্ত সমাধান নয়। ঘটনার পর সিএমপি যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু অপরাধীরা যেন জামিনে বের হয়ে আবারও ব্যবসায়ীদের হুমকি দিতে না পারে, সে জন্য দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো ও ইন্টারনেট সেবার নিরাপত্তা নিশ্চিত করতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগ সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সিএমপি কমিশনার হাসনাত মো. শওকত আলী এ সময় বলেন, ডিজিটাল অবকাঠামো ও সেবামূলক ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর এবং চাঁদা দাবির ঘটনা ঘটায়। ঘটনার পর সিএমপি, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাবসহ সংশ্লিষ্ট সংস্থার যৌথ অভিযানে অল্প সময়ের মধ্যেই হামলার মূল হোতা হিসেবে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়।
সৌজন্য সাক্ষাতে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের অন্যান্য প্রতিনিধির পাশাপাশি সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।















