মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ২৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙর এলাকায় গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে- একইদিন সকাল ১০টায় কোস্ট গার্ড পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকার ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।
জব্দ আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
পূর্বকোণ/এএইচ















