চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘আজহার খান’ নামে ভারতীয় আধার কার্ড ভাইরাল হয়েছে।
পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি পূর্বকোণ অনলাইনকে বলেন, ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর তার মোবাইলে আধার কার্ডটি পাওয়া গেছে। এটা ভুয়া কিনা সঠিক সেটা আমরা বলিনি। হয়ত ভারতে পারাপারের জন্য এটা বানানো হতে পারে, ধারণা করছি – সীমান্ত পার হতে ওদিক থেকে তাকে যে রিসিভ করার কথা ছিল তার কাছে এটার প্রিন্ট কপি থাকতো।
ভারতে চিকিৎসার কাজে অবস্থানরত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের এক সাবেক সহ-সভাপতি সহযোগিতায় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর সাইটে ডেভিড ইমনের ‘আজহার খান’ নামে ভারতীয় আধার কার্ডের ‘১২৩৪৫৬৭৮৯০১২’ নম্বরটি যাচাই করে এই নামে কোন আধার কার্ড পাওয়া যায় নি।
এছাড়া পুনরায় কার্ডটি চেক করার জন্য কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলের সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্টকে বলা হলে তিনি বলেন, আধার কার্ডটির নম্বরগুলো দেখেই বোঝা যাচ্ছে কার্ডটি ভুয়া। সাধারণত আধার কার্ডে নম্বর এই ধরনের হয় না। এটা হয়ত পারাপারের পর তাৎক্ষণিক চেক ফাঁকি দেওয়ার জন্য বানানো হতে পারে।
পূর্বকোণ/আরআর















