চট্টগ্রামের চন্দগাঁও এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও হাসপাতাল প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রবেশমুখের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৬ জুলাই) চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের প্রবেশমুখে রাস্তার পাশে কবরস্থানের সামনে কিছু অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে উঠেছে। এসব স্থাপনা বর্তমানে কিশোর গ্যাং, মাদকসেবী, বখাটে এবং ছিনতাইকারীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এর ফলে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীসহ নারী রোগী ও তাদের স্বজনরা প্রতিনিয়ত ইভটিজিং বা যৌন হয়রানির শিকার হচ্ছেন।
সিআইএমসি কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, রাতের বেলায় এই এলাকায় মাদক সেবন ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। এসব অবৈধ স্থাপনা অপরাধীদের জমায়েত হওয়ার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা ওই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।
সিআইএমসি’র অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন (সবুজ) স্বাক্ষরিত এই আবেদনে উল্লেখ করেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজ নিয়ে গঠিত এই ক্যাম্পাসে প্রতিদিন প্রায় ১১০০ ছাত্র-ছাত্রী এবং ১০০০ জন শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা যাতায়াত করেন। এছাড়া প্রতিদিন গড়ে ১২০০ জন রোগী ও তাদের স্বজন এই প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সকলের জন্য নিরাপদ পরিবেশ এবং নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য চন্দগাঁও থানা পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পূর্বকোণ/রাজু/সারোয়ার















