চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক নারী পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে মোবাইল সাথে রাখা এবং এআই থেকে সাহায্য নিয়ে উত্তর দেখে লেখার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী বাকলিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেনুয়ারা বেগম বলেন, পরীক্ষার শেষের দিকে বাকলিয়া কলেজের মানবিক বিভাগের এক নারী পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়ে। সে মোবাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করছিল। পরবর্তীতে তাকে বহিষ্কার করা হয়।
মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ পেল কীভাবে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দিই। সে হয়ত বডিতে কোনভাবে মোবাইল নিয়ে প্রবেশ করেছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।
বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান; এই পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৭৩১ জন।
কক্সবাজারে ২৬৩ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন, রাঙ্গামাটিতে ১০৯ জন এবং বান্দরবানে ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















