ফেসবুকে মানহানিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজ এবং চার ফেসবুক ব্যবহারকারীকে বিবাদী করা হয়েছে। তারা হলেন- মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমি।
মামলার অভিযোগে বলা হয়, গেল ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে আজিজুর রহমান ফেসবুকে নিজের বিরুদ্ধে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের পেজ থেকে প্রকাশিত ওই পোস্টে তার বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর মন্তব্য করা হয়। পরে তিনি নিজের ফেসবুক আইডিতে এর প্রতিবাদ জানালে কয়েকজন ব্যবহারকারী সেখানেও আপত্তিকর মন্তব্য করেন। আজিজুর রহমানের অভিযোগ, এসব পোস্ট ও মন্তব্যে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আমার মক্কেলের সম্মানহানি করেছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ কারণে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫, ২৬, ২৭ ও ৩০ ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ















