পারিবারিক বিষয় নিয়ে মা বাবার কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (০৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য বাবার পিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর এগুনোর পর তার বাবাকে দেখতে না পেয়ে বাসায় ফিরতে চাইলে পথ ভুলে যায়। তারপর রাস্তা ভুলে দীর্ঘক্ষণ হেঁটে চলে আসে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা সতীশ বাবু লেইনে।
বেশ কয়েক ঘণ্টা পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) বৃষ্টিতে ভিজে অন্ধকারে দাঁড়িয়ে কান্না শুরু করলে সায়েম নামের এক পথচারী ফাতেমাকে কোতোয়ালী থানায় দিয়ে যায়। তখন ভেজা শরীর নিয়ে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলো ফাতেমা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, পুলিশ হেফাজতে নিয়ে দ্রুত ফাতেমার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করে। দুঃখের বিষয়- পুলিশ জানতে চাইলে ফাতেমা তার মামা বাবার নাম ছাড়া আর কোন কিছুই বলতে পারেনি। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পেইজে ফাতেমার ছবিসহ সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। এটা নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পরবর্তীতে ফাতেমার পরিবার বাকলিয়া থানায় গিয়ে ফাতেমার তথ্য পেয়ে অশ্রুসিক্ত চোখে কোতোয়ালী থানায় ছুটে আসে। কোতোয়ালী থানা পুলিশ শিশু ফাতেমাকে তাঁর বাবা-মায়ের কোলে ফিরিয়ে দেয়।
পূর্বকোণ/রাজীব/পারভেজ















