বিদেশি নম্বর থেকে ফোন করে ‘ডেভিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন’র কাছে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা না পেয়ে সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির ম্যানেজার (একাউন্টস) শামশুদোহা মিনহাজ। অভিযোগে তিনি দাবি করেন, ‘হামলার আগে তাদের মালিকের কাছে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরই কার্যালয়ে হামলা চালানো হয়েছে ।
অভিযোগে উল্লেখ করা হয়, অফিস চলাকালে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ কার্যালয়ে ঢুকে পড়ে। তারা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করে। হামলাকারীরা কম্পিউটার, সার্ভার পরিচালনার সরঞ্জাম, মোবাইল ফোন, আসবাবপত্রসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে। কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অফিসে রাখা প্রায় ৩৫ লাখ টাকা হামলাকারীরা নিয়ে যায়। ভাঙচুরে আরও কয়েক লাখ টাকার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি হাতে দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে একের পর এক কম্পিউটার, মনিটর ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করছেন। একজনকে কুড়ালসদৃশ অস্ত্র দিয়ে যন্ত্রপাতিতে আঘাত করতে দেখা যায়। পুরো ঘটনার সময় কর্মীদের আতঙ্কিত অবস্থায় অফিসের ভেতরে অবস্থান করতে দেখা যায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ















