চট্টগ্রামের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগরের নেতা ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এসময় মোটরসাইকেলে যাওয়ার পথে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা লাগে ফাইয়াজের। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রাম মহানগর এনসিপির দফতর সম্পাদক রিদুয়ান রিদয় বলেন, ‘দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের বাতিও বন্ধ ছিল। ট্রাকটি দেখতে না পেরে ফাইয়াজ মোটরসাইকেল নিয়ে পেছনে ধাক্কা দেন।’
তিনি আরও বলেন, ‘ফাইয়াজ তাজরিয়ান দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। মঙ্গলবারও তিনি নগরে অনুষ্ঠিত দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।’
পুলিশ জানায়, ফায়াজ নিজে মোটরসাইকেল চালিয়ে নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক হয়ে নগরের কাজীর দেউড়ি এলাকায় যাচ্ছিলেন। সেখানে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিসরের ম্যাচটি দেখার কথা ছিল তার।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/এএইচ














