চট্টগ্রাম নগরীর চকবাজারে মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আসামির নাম রিদুয়ানুল হক (৩২)। তিনি চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বদিউল আলমের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজারের চকরিয়া থানার বমুবিলছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানায়, গত ১৩ মার্চ নগরীর মেহেদীবাগে একটি মাদ্রাসার টয়লেট থেকে শাবিব শাইয়ান (১১) নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আত্মহত্যা বলে দাবি করলেও পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তে শরীরের বিভিন্ন অংশে আঘাতের প্রমাণ পাওয়া যায় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের আলামতও পাওয়া যায়। এ ঘটনায় ১৬ মার্চ নিহতের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চকবাজার থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুই আসামিকে আটক করা হলেও হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি পলাতক ছিল।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, প্রায় সাত মাস আগে মাদ্রাসাছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মূলত ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়ার চরণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু তথ্য দিয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চকবাজার থানায় পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ


















