কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে পরীক্ষা, দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ। অনুষ্ঠান উপস্থাপনা ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপের কর্ণধার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক ও বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন ও বক্তব্য রাখেন; অনুষ্ঠানে তার ওপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং সাংবাদিক এম আর মাহমুদ।
হল সুপার ছিলেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন এবং সহ হল সুপার ছিলেন সহকারী শিক্ষক রোকেয়া বেগম। পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উছমান গণি, মোহাম্মদ কায়কোবাদ ও মো. বেলাল উদ্দিন।
ঢেমুশিয়া ইউনিয়নের ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
প্রতি শ্রেণি থেকে ১০ জন করে মোট ৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পায় আর্থিক অনুদান, স্কুলব্যাগ, মেডেল ও সনদ। বেস্ট স্টুডেন্ট, অংশগ্রহণকারী স্কুল, প্রধান অতিথি ও পরিচালনা কমিটির সভাপতিকে ক্রেস্ট দেওয়া হয়। বাকি ৬০ পরীক্ষার্থী পায় স্কুলব্যাগ, মেডেল ও সনদ।
আয়োজকরা জানান, আগামী বছর পুরো মাতামুহুরী উপজেলাজুড়ে এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ


















