চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিএনপির মিছিলে হামলায় আহত ৫, পাল্টা হামলা যুবলীগ নেতার বাড়িতে

বিএনপির মিছিলে হামলায় আহত ৫, পাল্টা হামলা যুবলীগ নেতার বাড়িতে

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বের করা মিছিলে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামের শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে নানুপুর বাজারে একটি মিছিল বের করা হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠেছে।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন নামে পাঁচজন আহত হন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলার ঘটনায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে এ হামলার ঘটনা ঘটানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট