চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মস্কোতে আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড জিতলেন ড. আবদুল কাবিল খান

মস্কোতে আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড জিতলেন ড. আবদুল কাবিল খান

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

রাশিয়ার মস্কোতে মর্যাদাপূর্ণ ৫ম রোসসোত্রুদনিচেস্তভো ‘অনেস্ট ভিউ’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশের ড. মো. আবদুল কাবিল খান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি।
 
গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে এক অনুষ্ঠানে ‘পেশাদার জনরা সাংবাদিকতা’ ক্যাটাগরিতে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ৮৫টি দেশ থেকে জমা পড়া ৮০০টিরও বেশি কাজের মধ্য থেকে তার নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’ (Golden Days)-এর জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি পান।
 
প্রামাণ্যচিত্র সিরিজটিতে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবন ও কর্মগাথা তুলে ধরা হয়েছে। অনুভূতি ব্যক্ত করে ড. কাবিল খান জানান, ২০১১ সালে রাশিয়ার আরইউডিএন (RUDN) ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে তিনি এই উদ্যোগ নেন। এর অংশ হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতি কাজটিকে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
 
বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে ড. কাবিল খান মূল পুরস্কার জেতেন। এছাড়া বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক আবু সাঈদ নিশান, দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, দ্য সাটল টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক মাজহারুল ইসলাম ও রূপসী বাংলার সম্পাদক গৌতম কুমার।
 
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রাশিয়ান সরকার এই পুরস্কার দিয়ে আসছে। অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০ জন মনোনীত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশ নেন এবং পাঁচ দিনব্যাপী বিশেষ সফরে মস্কোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো পরিদর্শন করেন।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন