চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর

দুই মাসের ছুটিতে দেশে এসে ডেঙ্গুতে প্রাণ গেল প্রকৌশলীর

বোয়ালখালী সংবাদদাতা

২১ নভেম্বর, ২০২৬ | ৫:১১ অপরাহ্ণ

দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন কাতারপ্রবাসী ইঞ্জিনিয়ার নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় আর প্রবাসে ফেরা হলো না তার। আট মাসের কন্যাসন্তান ও স্ত্রীকে রেখে শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
 
 
পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি বড়।
 
 
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাস জীবনে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন।
 
 
পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার (২০ নভেম্বর)  দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
 
পারভেজের ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন জানান, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তার আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম ফারহিনানা পারভেজ আয়রা।
 
 
হাসপাতালে পারভেজের পাশে ছিলেন গিয়াস উদ্দিন। মৃত্যুর আগে হাতের ইশারায় তাকে কাছে ডেকে নিজের বুকের ওপর তার ডান হাত রেখে পারভেজ বলেছিলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’
 
 
গিয়াস উদ্দিন বলেন, দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন পারভেজ। কিন্তু প্রবাসে আর ফেরা হলো না তার। ফিরতে হলো মাটির কবরে।
 
শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট