চট্টগ্রামের কর্ণফুলীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবক নুরুল আবছারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার আব্দুছ ছমদের ছেলে মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)।
এসআরবি জানায়, নিহত নুরুল আবছারের (২২) সাথে তার স্ত্রী নাজমা আক্তারের পারিবারিক কলহ ছিল। সেই কারণে তার স্ত্রী স্ত্রী বাপের বাড়িতে চলে যান। এসময় তাদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ আবছারের বাবার কাছে ছিল। পরে তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহকে ২ লাখ টাকায় বিক্রির ঘটনাকে কেন্দ্র করে নুরুল আবছার ও তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়। গত ১০ নভেম্বর রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কল করে নুরুল আবছারকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। পরদিন ১১ নভেম্বর বিকাল ৫টার দিকে স্থানীয়রা চরলক্ষ্যা এলাকায় একটি গাছের সাথে নুরুল আবছারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। দুষ্কৃতকারীরা নুরুল আবছারকে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর নিহতের মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল আবছারের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতার বাদীয় হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এসআরবি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলা তদন্তে অভিযুক্ত পলাতক মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ আকাশকে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের কর্ণফুলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















