চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জালিযাতি, তামা রপ্তানির নামে যাচ্ছিল জাহাজের পুরোনো পাখা

শিগগিরই কঠোর ব্যবস্থা কাস্টমস আইনে

জালিয়াতি, তামা রপ্তানির নামে যাচ্ছিল জাহাজের পুরোনো পাখা

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৬ | ৭:০৭ অপরাহ্ণ

বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত আমদানি করা দামি তামার স্ক্র্যাপ খোলাবাজারে বিক্রির অভিনব জালিয়াতির চেষ্টা ভেস্তে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। জাপানে তামা রপ্তানির ভুয়া ঘোষণা দিয়ে কনটেইনারে করে পাঠানো হচ্ছিল জাহাজের ১০টি পুরোনো প্রপেলার বা পাখা। এই জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
 
শনিবার ১৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
কাস্টমস সূত্র জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান ‘নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড’ জাপানে ‘সর্টেড কপার’ বা বাছাই করা তামা রপ্তানির ঘোষণা দিয়েছিল। গত ৩ নভেম্বর এই চালানের বিল দাখিল করা হয়, যেখানে পণ্যের মূল্য দেখানো হয়েছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার।
 
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাতে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড অফডকে অভিযান চালান কাস্টমস কর্মকর্তারা। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট ও ডিপো কর্তৃপক্ষের উপস্থিতিতে কনটেইনারটি শতভাগ পরীক্ষা করা হলে তামার পরিবর্তে পাওয়া যায় জাহাজের ১০টি বিশাল পুরোনো কাটা পাখা।
 
জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ২৯ সেপ্টেম্বর বন্ড সুবিধায় তামা ও সংকর ধাতুর স্ক্র্যাপ আমদানি করে এবং ১৭ অক্টোবর তা ব্যবহারের অনুমতি নেয়। বন্ড সুবিধার নিয়ম অনুযায়ী, শুল্কমুক্ত আমদানি করা কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে তা বাধ্যতামূলকভাবে বিদেশে রপ্তানি করতে হয়।
 
তবে নিয়ালকো অ্যালয়েজ সেই কাঁচামাল ব্যবহার না করে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প এলাকা থেকে কম দামে পুরোনো জাহাজের পাখা সংগ্রহ করে রপ্তানির উদ্যোগ নেয়। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, দেশীয় এই পুরোনো পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা কাঁচামালের হিসাব সমন্বয় করার ফন্দি এঁটেছিল প্রতিষ্ঠানটি। এভাবে চালানটি পাচার করা সম্ভব হলে বন্ড সুবিধার শুল্কমুক্ত তামার স্ক্র্যাপ দেশের খোলাবাজারে চড়া দামে বিক্রির সুযোগ তৈরি হতো।
 
উল্লেখ্য, ২০১১ সালে নিবন্ধিত প্রতিষ্ঠানটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হওয়া প্রথম প্রতিষ্ঠান। ২০২২ সালে তারা শেয়ারবাজার থেকে সাড়ে ৭ কোটি টাকা সংগ্রহ করেছিল।
 
এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মোকাররম আলী চৌধুরী ও চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি।
 
চট্টগ্রাম কাস্টমস জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির এই ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই কাস্টমস আইনে কঠোর আইনি ব্যবস্থা ও রাজস্ব ফাঁকির মামলা করা হবে।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট