কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামে একটি আবাসিক হোটেলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক ছিলেন, তাঁরা সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। কেউ হতাহত হননি।
বিকেল সাড়ে ৩টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের যৌথ চেষ্টায় প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে এবং কর্মীদের দক্ষতার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে আছেন।
গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছিল। এর কয়েক দিনের ব্যবধানে আবারও হোটেলে আগুনের ঘটনা ঘটে। তবে এবার দ্রুত পদক্ষেপের ফলে বড় ক্ষতি এড়ানো গেছে।
পূর্বকোণ/আদর/পারভেজ


















