চট্টগ্রামের ফটিকছড়িতে জনমানবহীন নির্জন জঙ্গল থেকে ২-৩ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। কে বা কারা শিশুটিকে নির্দয়ভাবে জঙ্গলে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায় নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আমতল এলাকার ওই জঙ্গল থেকে হঠাৎ এক নবজাতকের কান্নার শব্দ ভেসে আসে। শব্দ শুনে আশপাশের লোকজন কৌতূহলবশত এগিয়ে যান এবং ঝোঁপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ফুটফুটে কন্যাশিশুটিকে দেখতে পান। পরে তারা তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে এবং ফটিকছড়ি থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। বর্তমানে তার চিকিৎসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিশুটিকে কে বা কারা নির্জন জঙ্গলে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে, উদ্ধারের পর শিশুটিকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তারেক জানান, নবজাতকটির বয়স আনুমানিক ২ থেকে ৩ দিন। ভাগ্যক্রমে কোনো বড় আঘাত বা ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ।
পূর্বকোণ/রানা/এএইচ


















