চট্টগ্রামে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মহসীন উদ্দিন রুবেল বলেন, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে সাজ কেনিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান আদালতে ইসমাইল হোসেনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করেন। গত ২২ সেপ্টেম্বর করা ওই অভিযোগটি ডবলমুরিং থানার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইসমাইলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে পাঁচলাইশ থানায় (১৮-১৮/০৮/২৪)।
তিনি আরও জানান, পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর ইসমাইল হোসেনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
পূর্বকোণ/আরআর


















