চট্টগ্রাম নগরীর কোতোয়ালী, চকবাজার ও বাকলিয়া থানা এলাকা থেকে আট মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— মো. হেলাল (২৭), মিজানুর রহমান প্রকাশ আলাউদ্দিন (২৬) এবং চোরাই মালের ক্রেতা মো. মনিরুজ্জামান মনু (৫৫)।
পুলিশ সূত্র জানায়, গত ৪ জুলাই কোতোয়ালী থানা এলাকায় ব্যবসায়ী নান্টু দাশের দোকান বন্ধ করার সময় ক্যাশবাক্সের ওপর রাখা একটি ব্যাগ চুরি হয়। ব্যাগে ২ লাখ ১০ হাজার টাকা এবং তিনটি মোবাইল সেটসহ মোট ২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকার মালামাল ছিল। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশায় এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি কৌশলে ব্যাগটি চুরি করে চম্পট দেয়। এই ঘটনায় ব্যবসায়ী নান্টু দাশ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ গত ২৪ সেপ্টেম্বর বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত আসামি মো. হেলাল এবং মিজানুর রহমান আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে রাতেই পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত মনিরুজ্জামান মনুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হেলালের বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া এবং কুমিল্লার হোমনা থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, সন্ত্রাস বিরোধী আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত ৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তোর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য বিষয়াদি ও মালামাল উদ্ধারে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানায় পুুলিশ।
পূর্বকোণ/পিআর


















