চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

‘সাবরেজিস্ট্রারের নির্দেশে ঘুষ নিয়েছি’ গ্রেপ্তার দুই কর্মচারীর আদালতে জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে ঘুষের টাকাসহ গ্রেপ্তার পাহাড়তলী সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দুই কর্মচারী আদালতে জবানবন্দি দিয়েছেন। পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ের হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশ গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, দলিল নিবন্ধন(রেজিস্ট্রি) করার সময় সাবরেজিস্ট্রারের নির্দেশেই তাঁরা ঘুষ নিয়েছেন।

 

উমেদার রূপণ দাশ তাঁর জবানবন্দিতে বলেন, ১৫ বছর ধরে তিনি কর্মরত। দুদক যে দলিলটি নিবন্ধনে ঘুষ নেওয়ার অপরাধে তাঁদের গ্রেপ্তার করেছে, সেটির সরকারি ফি ১৫ হাজার টাকা। তাঁরা বাড়তি দুই লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। প্রথমে তাঁরা ১ লাখ ৮০ হাজার টাকা নেন। পরে আরও ২০ হাজার টাকা কমিশনে গেলে নেওয়ার কথা ছিল। দলিল দাতাদের একজন উপস্থিত হতে না পারায় বাসায় কমিশন যাওয়ার কথা ছিল। দলিলটিতে কোনো ত্রুটি ছিল না। এরপরও তারা ঘুষ হিসেবে বাড়তি দুই লাখ টাকা নিয়েছেন সাবরেজিস্ট্রারের নির্দেশে।

জবানবন্দিতে ফারুক ইসলাম বলেন, সাবরেজিস্ট্রার আবদুস সোবহানের নির্দেশে ঘুষের দুই লাখ টাকা নিয়েছিলেন। ওই টাকা উমেদার রূপণ দাশের মাধ্যমে তাঁর কাছে পাঠানো হচ্ছিল। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে দুদকের একটি দল এসে তাঁদের কার্যালয়ে হাজির হয়। তারা ঘুষের দুই লাখ টাকা, সাবরেজিস্ট্রারসহ তাঁদের তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

 

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম বলেন, তিনজনের মধ্যে সাবরেজিস্ট্রার ছাড়া বাকি দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাঁরা দলিল নিবন্ধনে সাবরেজিস্ট্রারের নির্দেশে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। জবানবন্দি দেওয়ার পর সাবরেজিস্ট্রারসহ তিনজনকে কারাগারে পাঠিয়ে দেন মহানগর দায়রা জজ আদালত।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট