চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ক্ষতিকর উপাদান ব্যবহার ও জালিয়াতির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, পাহাড়তলীতে লোকনাথ ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর ও বুট ভাজাসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ চলছিল। এছাড়া খাদ্যদ্রব্য তৈরিতে ক্ষতিকর পোড়া তেল ব্যবহারের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে ক্ষতিকর কেওড়া জল খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য বিক্রি করার দায়ে মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্ষতিকর রঙ মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির অপরাধে ফেনী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জালিয়াতির আশ্রয় নিয়ে অন্য স্থান থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত বলে বিক্রির অপরাধে ‘আর এন সুপার বাঘাবাড়ি’ নামে একটি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর
















