চট্টগ্রাম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে দিনদুপুরে রিকশা থামিয়ে ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার 

চট্টগ্রামে দিনদুপুরে রিকশা থামিয়ে ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সতীশ বাবু লেনে প্রকাশ্যে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মো. সাদ্দাম হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর-দক্ষিণ)। 
 
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানাধীন উত্তর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা। তবে বর্তমানে কর্ণফুলী এলাকার উত্তর শিকলবাহায় বসবাস করছিলেন। 
 
 
গোয়েন্দা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে ৬টার দিকে সতীশ বাবু লেনে একটি অটোরিকশার গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে এক যাত্রীর টাকা-পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, মিডিয়ায় ছড়িয়ে পড়লে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও দেখে সাদ্দামকে শনাক্ত করা হয়। কিন্তু ঘটনাটি ভাইরাল হওয়ার পর সাদ্দাম ও তার সহযোগী মোবাইল বন্ধ করে ঘন ঘন স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। পরে টানা অভিযান চালিয়ে উত্তর শিকলবাহা এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। 
 
গোয়েন্দা পুলিশ আরও জানায়, সাদ্দাম পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনসহ ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগেও ২০২৫ সালে টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। এ ঘটনায় জড়িত তার অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট