চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল হোতা মো. মনির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ১৬ নম্বর সতীশ বাবু লেনে এক অটোরিকশাযাত্রীর গতিরোধ করে একদল ছিনতাইকারী। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর সিএমপির একটি বিশেষ টিম মাঠে নামে। ২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে চক্রের সদস্য মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার পলাতক সহযোগীদের নাম-ঠিকানাও প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















