চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সম্ভাব্য লাভ-ক্ষতি নিয়ে সরকারের সঙ্গে জাতীয় পর্যায়ে সংলাপের আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, এনসিটি ইজারা দেওয়া হলে দেশের কী ধরনের সুবিধা হবে এবং সম্ভাব্য কী ক্ষতি হতে পারে তা নিয়ে সরকারকে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় পর্যায়ে সংলাপ আয়োজনের প্রয়োজন রয়েছে।
বক্তারা বলেন,বন্দরের সঙ্গে জাতীয় অর্থনীতি ও বিপুলসংখ্যক শ্রমিকের স্বার্থ জড়িত। তাই বন্দরের ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় জাতীয় স্বার্থের পাশাপাশি শ্রমিকদের অধিকার ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সভা থেকে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচিতে জাতীয় ফেডারেশন, বেসিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে দাবি আদায়ে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা। প্রয়োজনে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

















