চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ১১ জেলায় ২৪ ঘণ্টায় ৫৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে মাদকসংক্রান্ত ঘটনায় গ্রেফতার হয়েছেন ১০৮ জন।
রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস এ তথ্য জানায়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদক মামলায় গ্রেফতার ৭৯ জনের মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদকসেবী ৭৬ জন। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে মাদকবিরোধী আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৬ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
তিনি আরও বলেন, নিয়মিত মামলায় ৯২ জন, পূর্ববর্তী মামলায় ১২৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২১ জন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ২৮টি মাদক মামলা করা হয়েছে। এ সময় ১ হাজার ৪৫৩ পিস ইয়াবা, ৮ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা, ৬০ লিটার চোলাইমদ, ৩৬ বোতল বিদেশি মদ, ২০ বোতল স্কাফ সিরাপ ও ৪৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
পূর্বকোণ/প্রান্ত
















