চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চান্দগাঁওয়ে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ 

চান্দগাঁওয়ে অপহরণের ৬ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অপহরণের ছয় ঘণ্টার মধ্যে ১ বছর ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে এসআরবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতকানিয়ার এক দম্পতিকে গ্রেপ্তার এবং ১৫ বছর বয়সী এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরহান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তার পরিবার নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করছে।
 
 
এসআরবি জানায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বসতঘর থেকে সাবিহা নূরকে কৌশলে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক শিশু। অভিযোগ রয়েছে, দিলোআরা বেগম ও মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগসাজশে সে শিশুটিকে অপহরণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিশুটির বড় চাচা বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সসংশ্লিষ্ট ধারায় মামলা করেন। 
 
 
এসআরবি আরও জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে তাদের একটি অভিযানিক দল নগরীর লালখান বাজার এলাকা থেকে আমির হোসেনকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে অপহৃত শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আমির জানিয়েছেন, তার মামি দিলোআরা বেগম ও মামা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি অপহরণ করেছিলেন। পরে আমিরের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর স্বাধীনতা কমপ্লেক্সের সামনে থেকে মো. মোজাম্মেল হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিলোআরা বেগমকে গ্রেপ্তার করা হয়।
 
এসআরবি সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামি ও অভিযুক্ত শিশুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট