চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১৫ অপরাহ্ণ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’ , ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

 

জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

 

সফরকালে চীনা নৌবাহিনীর জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে।

 

এ ছাড়া সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা চীনা নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শন করবেন।

 

এই সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর সদস্যদের পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন এবং মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

 

শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট