চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আদালতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিল বিচারক

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আদালতে জামিন শুনানির সময় অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে আইনজীবী শাহেদুল হকের ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নগরের হালিশহর থানার একটি নালিশি মামলার আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী শাহেদুল হক।

তবে শুনানি শুরু করেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী। এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী আসামির জামিনের শুনানি করতে পারেন কি না।
জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। তাই তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে শাহেদুল হক আদালতে উপস্থিত হন। আদালতের আদেশে বলা হয়েছে, শুনানির সময় তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এ সময় তিনি বলেন, আসামি ভুল করেছে আর ভুল করবে না। আদালতের নিকট জামিন চাই।

আদেশে আরও বলা হয়, তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল এবং পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট