চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চোখের ব্যান্ডেজ খোলার আগেই গভীর রাতে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান

চোখের ব্যান্ডেজ খোলার আগেই গভীর রাতে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান

মিরসরাই সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৩৩ অপরাহ্ণ

মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফকে নগরীর হালিশহর এলাকা থেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে তার বাসা থেকে হালিশহর থানা পুলিশ তাকে আটক করে।

সাবেক এই উপজেলা ভাইস চেয়ারম্যানের সহধর্মিণী রওশন আরা রত্না জানান, বুধবার সকাল ১১টার দিকে আরিফের চোখে অপারেশন করা হয়। বৃহস্পতিবার তার চোখের ড্রেসিংসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কথা ছিল। গত চার মাসে তার চোখের রেটিনায় তিনটি অপারেশন হয়েছে বলেও জানান তিনি।

রওশন আরা রত্না বলেন, ‘আমরা পুলিশকে অনেক অনুরোধ করেছি, আকুতি-মিনতি করেছি- চোখের ড্রেসিংটা শেষ হলে তিনি নিজেই থানায় হাজির হবেন। কিন্তু তারা আমাদের কথা মানেননি। রাত ২টার দিকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য বাসায় এসে আরিফকে থানায় নিয়ে যান।’

তবে কী মামলায় বা কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নগরীর হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরিফকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটকের কারণ ও মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আরিফ নামে একজনকে আটকের বিষয় তিনি শুনেছেন। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট