চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ, ধর্ষণ এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় মো. মাসুদ রানা (৩৫) নামের যুবককে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১২ সেপ্টেম্বর) র্যাব-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী থানার সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাসুদ রানা হাটহাজারীতে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তার চাচার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর মাসুদ রানার বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার মাসুদ রানাকে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















