চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাংকার ‘এমটি সি স্পাইক’ এবং নোঙ্গর করে থাকা বাল্ক ক্যারিয়ার ‘এমভি সান শাইন’ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তীব্র স্রোতের কারণে নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব না হওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজের সবকটি কার্গো ট্যাংক সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং কোনো প্রকার তেল নিঃসরণের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, সংঘর্ষের ফলে এমটি সি স্পাইক এর ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে আনুমানিক ১ বর্গমিটার ফাটল দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট ঘটেছে। তবে ইমারজেন্সি ব্যাটারির সাহায্যে জাহাজের ভিএইচএফ যোগাযোগ ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙ্গরের ১০ শ্যাকেল করে ক্যাবল ছাড়া হয়েছে, যার ফলে জোয়ার-ভাটার যেকোনো পরিস্থিতিতে জাহাজটি নিরাপদে ভেসে থাকবে।
দুর্ঘটনার পর পরই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ড দ্রুততম সময়ে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কান্ডারী-৮’ দুর্ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। দ্রুততম সময়ে জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিং এবং ফাটল মেরামত ও উদ্ধারের জন্য স্যালভেজ কোম্পানিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
সৈয়দ রেফায়েত হামিম নিশ্চিত করেন, জাহাজের মাস্টারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া, এই দুর্ঘটনার প্রভাবে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি; চ্যানেল বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
পূর্বকোণ/সারোয়ার


















