চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৬ | ২:৫৫ অপরাহ্ণ

পুরো মুনাফাসহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

 

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশনের’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

সংকটে থাকা বেসরকারি শরীয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

 

এরপর গত দুই অর্থবছরের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ‘হেয়ার কাট’ পদ্ধতিতে তা বাতিল করা হয়। পরে আন্দোলনের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

 

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নিজেদের আমানত নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের আমানত ফেরত দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে আমানতকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

 

আমানতকারীদের দাবি- গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে ও ব্যাংকে রক্ষিত গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার জানান, অর্থমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা চাই এই আশ্বাস বাস্তবায়ন হোক।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট