চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাকলিয়ায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার, লুণ্ঠিত মোবাইল উদ্ধার

বাকলিয়ায় ৫ ছিনতাইকারী গ্রেপ্তার, লুণ্ঠিত মোবাইল উদ্ধার

১০ আগস্ট, ২০২৬ | ১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা পুলিশের অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও ২টি দেশীয় তৈরি ছোরা জব্দ করা হয়েছে। একই সাথে লুণ্ঠিত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধারসহ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো—মো. আরমান (২৯), মো. আরফান প্রকাশ ইরফান (২৪), মো. করিম প্রকাশ পঞ্চ (২১), মো. রাকিব (১৯), গোলাম হোসেন (৩৮)।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ৭ আগস্ট রাত ১১টায় মো. রিদোয়ান ও তার ছোট ভাই রিফাতুল ইসলাম কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক থেকে অটোরিকশায় নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। রাত ১১টা ২০ মিনিটে শাহ আমানত সেতুর উত্তর পাশে আরমান, আরফান, করিম ও আরেক অজ্ঞাত ব্যক্তি ছোরার ভয় দেখিয়ে তাদের পথ আটকায়।

 

ছিনতাইকারীরা তাদের ২টি অ্যান্ড্রয়েড ফোন, নগদ ২১০০ টাকা, ইস্টার্ন ব্যাংকের ভিসা কার্ড, এনআইডি, হাতঘড়ি, পাওয়ার ব্যাংক ও চার্জার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুই ভাই বাধা দিলে আসামিরা তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। একপর্যায়ে আরফান ছোরা দিয়ে রিফাতুলকে আঘাত করে দ্রুত সবাই পালিয়ে যায়।

 

পরদিন ৮ আগস্ট সকালে ছিনতাইকারীরা এনআইডি ও ভিসা কার্ড ব্যবহার করে ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে ১ লাখ ২৬ হাজার টাকা তুলে নেয়।

 

৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টায় শাহ আমানত সেতুতে পুলিশ ও স্থানীয় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে। খবর পেয়ে ভিকটিম সেখানে গিয়ে তাদের শনাক্ত করেন। পুলিশ তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা ও ২টি ছোরা উদ্ধার করে।

 

জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, ছিনতাই করা মোবাইল দুটি তারা মো. রাকিবের কাছে বিক্রি করেছে। সেই তথ্যে পুলিশ পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে এবং মোবাইল দুইট উদ্ধার করে।

 

ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়ে আরমানকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, টাকা তুলতে সিম, এনআইডি ও ভিসা কার্ড গোলাম হোসেনের কাছে দিয়েছিল।

 

খবর পেয়ে পুলিশ সদরঘাট থানার মাদারবাড়ি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে গোলাম হোসেনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকা উত্তোলনের কথা স্বীকার করে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট