চট্টগ্রাম নগরীতে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) নগরীর ঝর্ণাপাড়া ও আগ্রাবাদ চৌ-রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সেতু দাস প্রকাশ সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) ও দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিক (৩৭)। সেতু দাস প্রকাশ সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার বড় উঠান এলাকায়। মোহাম্মদ আলীর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এবং দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিকের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। দেবব্রত বর্তমানে চট্টগ্রাম নগরের হাজারীগলির ৩২ নম্বর বণিক ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ও স্বর্ণের ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর
















