চট্টগ্রামের আলোচিত ‘এইট মার্ডার’ মামলার আসামি ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগী ও ফুফাতো ভাই গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে সন্ত্রাসী সাজ্জাদ তা অস্বীকার করেছেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের আগে গোলাম সারোয়ার নিজেকে বার্মিজ নাগরিক পরিচয় দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গোলাম সারোয়ার শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ হয়ে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মো. আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশ ছেড়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের একটি দল গোলাম সারোয়ার খানকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
আমিনুর রশীদ বলেন, গ্রেপ্তার এড়াতে গোলাম সারোয়ার জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা কাগজপত্র ব্যবহার করে নিজেকে বার্মিজ নাগরিক হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে তিনি ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ডিবি পুলিশের কাছে উপস্থাপন করেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
সিএমপির এই মুখপাত্র আরও বলেন, গোলাম সারোয়ার ‘বড় সাজ্জাদের’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত বিভিন্ন ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর















