চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৫ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে নগরীর আমবাগান এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের বাসিন্দা। তিনি আমবাগান এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, অভিযুক্ত যুবক শাহীন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা অস্ত্র দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এর আগেরও মামলা রয়েছে।
পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ















