চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৩ জুলাই, ২০২৬ | ৩:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা আবছারের ছেলে।

 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। রাতে তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী নগরীর আগ্রাবাদ এলাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাবের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে গত ১৪ জুলাই রাতে বিয়ের কথা বলে ওই তরুণীকে ডেকে নেন আফতাব। পরে তাকে বহদ্দারহাট মোড়ের একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

 

পরবর্তী সময়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে খোঁজ নিয়ে ভুক্তভোগী তরুণী জানতে পারেন, আফতাব আগে থেকেই বিবাহিত এবং তার সন্তান রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী স্বজনদের সঙ্গে আলোচনা করে চান্দগাঁও থানায় লিখিত এজাহার দায়ের করেন।

 

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/সিজান/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট